পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের উত্তর মুরাদিয়া গ্রামে বাবাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে। ছেলের নাম সঞ্জয় খাসকেল। বাবার নাম হরিনাথ খাসকেল (৭০)।
শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর ছেলেকে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।
স্থানীয় সূত্র জানায়,জমিজমার ভাগ-বাঁটোয়ারা নিয়ে বাবা-ছেলের মধ্যে বিরোধ ছিল।  দুপুর সাড়ে ১২টার দিকে বাবা-ছেলের মধ্যে এ নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন সঞ্জয়। আশঙ্কাজনক অবস্থায় বাবা হরিনাথকে উদ্ধার করে দুমকি লুথান হেলথ কেয়ারে নিয়ে যান স্থানীয় ব্যক্তিরা। সেখানে কর্তব্যরত চিকিত্সক হরিনাথকে মৃত ঘোষণা করেন।
মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার জানান, সঞ্জয়ের কর্মকাণ্ডে তাঁর পরিবারের লোকজন বরাবরই অতিষ্ঠ ছিল। দুই বছর আগেও টাকা-পয়সার জন্য স্বজনদের মারধর করায় তাঁকে ধরে পুলিশে দেওয়া হয়েছিল।
দুমকি থানার ভারপ্রাপ্ত উপপরিদর্শক (ওসি) হেমায়েত উদ্দিন খান বলেন, হরিনাথের মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে মামলা হবে বলে জানান তিনি।
[b]ঢাকা, ৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]