সাভারে রাণা প্লাজা ভবন ধ্বসে ক্ষতিগ্রস্ত গার্মেন্টস কর্মীদের আরও আর্থিক সহায়তা প্রদানে বিদেশীদের প্রতি আহবান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
আজ রাজধানীতে কানাডিয়ান হাই-কমিশনারের অফিসিয়াল রেসিডেন্সে "বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের জীবন ও সংগ্রাম' শীর্ষক এক ছবি প্রদর্শন অনুষ্ঠানে বক্তৃতাকালে বাণিজ্যমন্ত্রী এ আহবান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানাডার হাই-কমিশনার হিদার ক্রুডেন, ব্রিটিশ হাই-কমিশনার রবার্ট উইনিংটন গিবসন, নেদারল্যান্ডের রাষ্ট্রদূত গারবান এস ডি জং, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হান্না, গার্মেন্টস মালিকদের সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ ।
বিদেশী রাষ্ট্রদূতরা গার্মেন্টস শিল্পের সাথে জড়িত শ্রমিকদের কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে আরও বেশি যত্মবান হওয়ার আহবান জানান। পাশাপাশি এখনও রানা প্লাজার মতো কোন ঝুকিঁপূর্ণ ভবনে গার্মেন্টস কারখানা আছে কীনা সেটা খতিয়ে দেখারও পরামর্শ দেন।
বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের জীবনমানের উন্নয়নে অতীতের মতো ভবিষ্যতেও সাহায্য অব্যাহত থাকবে বলে বিদেশী রাষ্ট্রদূতরা আশ্বস্ত করেন।
পরে বাণিজ্যমন্ত্রী তোফায়ল আহমেদ বলেন, দুর্ঘটনা নতুন কিছু নয়। শুধু বাংলাদেশই নয়, পৃথিবীর বহু দেশে দুর্ঘটনার কবলে পড়ছে মানুষ। রানা প্লাজার দুর্ঘটনাও সেরকম একটি দুর্ঘটনা। তবে এমন দুর্ঘটনা কখনোই কাম্য নয়।
রানা প্লাজা ভবনের মতো ভয়াবহ দুর্ঘটনার কবলে ভবিষ্যতে যাতে আর কোন শ্রমিক না পড়েন, সেজন্য পরিদর্শক টিম গঠনসহ সম্ভাব্য সব ব্যবস্থা সরকার গ্রহণ করেছে বলেও বাণিজ্যমন্ত্রী আশ্বস্ত করেন।
অনুষ্ঠানে ফটো সাংবাদিক এন্ড্রিউ বিরাজ বলেন, রানা প্লাজা ভবন ধ্বসের ছবি তোলা তার জীবনের এমন একটি ঘটনা যার জন্য তিনি কখনো প্রস্তুত ছিলেন না। ভবিষ্যতে যেন এমন ভয়াবহ দৃশ্যের ছবি তাকে আর ক্যামেরাবন্দী করতে না হয় সেজন্য কর্তৃপক্ষকে সতর্ক থাকারও আহবান জানান তিনি।
[b]ঢাকা, ২২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// কেবি [/b]
শ্রেণীহীন
রানা প্লাজায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে বিদেশীদের প্রতি বাণিজ্য মন্ত্রীর আহবান
সাভারে রাণা প্লাজা ভবন ধ্বসে ক্ষতিগ্রস্ত গার্মেন্টস কর্মীদের আরও আর্থিক সহায়তা প্রদানে বিদেশীদের প্রতি আহবান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ





