[b]দিনাজপুর:[/b] দিনাজপুর-১ আসনের (বীরগঞ্জ-কাহারুল) বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নে আওয়ামী লীগ ও যৌথবাহিনীর নির্যাতনে দুই শিবিরকর্মী নিহত হয়েছেন। তারা হলেন, সালাহউদ্দিন ও আসাদুজ্জামান। দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তাদের মৃত্যু হয়।
নিহত সালাহউদ্দিন ভুল্লি গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। সে কাঠগড় আলিম মাদ্রাসার দাখিল দশম শ্রেণির ছাত্র। নিহত আসাদুজ্জামান  শিবরামপুর শাহাডুবি নতুন মসজিদ গ্রামের আলিমউদ্দিনের ছেলে।  
রোববার সকালে ইউনিয়নের ভেরাপুকুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে দোকান ঘরে তাদের আটকিয়ে রেখে নির্যাতন করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
পরে তাদের যৌথবাহিনীর হাতে তুলে দেয়। এসময় যৌথবাহিনীও তাদের ওপর নির্যাতন চালায়। এক পর্যায়ে তাদের শারিরীক অবস্থার অবনতি হলে প্রথম বীরগঞ্জ চাকাই স্বাস্থ্যকেন্দ্রে ও পরে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় সালাহউদ্দিনের মৃত্যু হয়। গভীর রাতে অপর শিবিরকর্মী আসাদুজ্জামানও মারা যান।