লক্ষ্মীপুর সদর উপজেলায় সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রবিন নামে এক পুলিশ কনেস্টেবলসহ ৬ জন আহত হয়েছেন। আহত রবিনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলার পার্বতীনগর ইউনিয়নের সোনাপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  তাৎক্ষণিকভাবে সংঘর্ষে আহত পাঁচ সন্ত্রাসীর পরিচয় জানা যায়নি।
লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) ইকবাল হোসেন জানান, বিকাল সাড়ে ৩টায় উপজেলার পাবর্তীনগর ইউনিয়নের সোনাপুর গ্রামে পুলিশ অভিযানে যায়। এসময় ওই এলাকায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত কয়েক আসামি অবস্থান করছিল।
এক পর্যায়ে ইকবাল নামের এক আসামিকে গ্রেফতার করলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়ে। এসময় রবিন নামের এক পুলিশ কনস্টেবল ও ৫ সন্ত্রাসী আহত হন।
এঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
[b]ঢাকা, ৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]