কক্সবাজারের শহরতলীতে ডাকাতের গুলিতে এক গ্রামবাসী নিহত হয়েছেন। এতে গুলিবিদ্ধ হয়েছেন অন্তত ১০ জন। নিহতের নাম আবুল মনছুর।
শুক্রবার ভোর ৪টার দিকে কলাতলী ঝরঝরি পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে ওই এলাকায় একদল ডাকাত হানা দেয়। ডাকাতের উপস্থিতি টের পেয়ে এলাকাবাসী প্রতিরোধের চেষ্টা করে। এ সময় ডাকাতের এলোপাতাড়ি গুলিতে কমপক্ষে ১০ জন আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আবুল মনছুর মারা যান।
সদর মডেল থানার ওসি মাহফুজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
এদিকে, এ ঘটনায় আহতাবস্থায় গোপনে চিকিৎসা নেওয়ার খবর পেয়ে শহরের একটি বেসরকারি ক্লিনিক থেকে আটক করা হয়েছে ডাকাত দলের কবির আহমদ নামের এক সদস্যকে।
[b]ঢাকা, ২৩ মে (টাইমনিউজবিডি.কম) // এনএস[/b]