সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ৩১ মার্চ সোমবার সকাল-সন্ধ্যা অনশন কর্মসূচি পালন করবে ঢাকায় কর্মরত সাংবাদিকবৃন্দ। ৩১ মার্চের আগে আলোচিত এ হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন না করা হলে লাগাতার আমরণ অনশন কর্মসূচি পালন করার হুমকি দিয়েছেন সাংবাদিকবৃন্দ।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে(ডিআরইউ) সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের দু'বছর পূর্তিতে স্মরণসভায় ডিআরইউর সভাপতি শাহেদ চৌধুরী মঙ্গলবার দুপুরে এ কর্মসূচি ঘোষণা করেন।
স্মরণসভায় সাগর সরওয়ারের মা সালেহা মুনির বলেন, আমি একজন মা, আমি এক বছর আগে এখানে এসেছিলাম সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার চাইতে। আজও আমি এখানে এসেছি বিচার চাইতে। আমি বিচার পেলাম না। সরকার দু'বছরেও এর বিচার করতে পারলো না। বরং সরকার এ ঘটনাকে আরো ধামাচাপা দেয়ার চেষ্টা করছে।
তিনি সাংবাদিকদের প্রতি আকুল আবেদন জানিয়ে বারবার বলেন, আমি বিচার চাই, তোমরা এ আন্দোলন বন্ধ করো না। এমনভাবে আন্দোলন করো যাতে সরকার এ হত্যাকাণ্ডের বিচার করতে বাধ্য হয়।
অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে কান্নারত অবস্থায় তিনি বলেন, বিচার না হওয়া পর্যন্ত আমি সাগরের কবর জিয়ারত করতে যাব না।
সাগরের মা স্মৃতিচারণ করে বলেন, সাগর কৃষ্ণচূড়া গাছ পছন্দ করতো, হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করার পরই আমি তার কবরের পাশে কৃষ্ণচুড়া গাছ লাগিয়ে দোয়া করব।
[b]ঢাকা, ১১ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]