[b]ঢাকা:[/b] আগামীকাল ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনকে এক দলীয়, ভোটারবিহীন ও গণতন্ত্রকে হত্যাকারী উল্লেখ করে নির্বাচন থেকে বিরত থাকার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
একই সঙ্গে নির্বাচনকে প্রহসনের নির্বাচন উল্লেখ করে তা বর্জন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বানও জানান তারা।

সুপ্রিম কোর্ট বারের সভাপতি এ জে মোঃ আলীর সভাপতিত্বে ও বারের ভারপ্রাপ্ত সম্পাদক রফিকুল হক তালুকদার রাজার পরিচালনায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কনফারেন্স রুমে শনিবার সমিতির কার্যনির্বাহী কমিটির সভা থেকে এ আহ্বান জানানো হয়।

সভায় বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখায় তীব্র নিন্দা জানানো হয়।

সুপ্রিম কোর্ট বারের পক্ষ থেকে গত ২৯ ডিসেম্বর বহিরাগত সন্ত্রাসী কর্তৃক আদালতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে প্রধান বিচারপতিকে অনুরোধ জানানো হয়। একই সঙ্গে ২৯ ডিসেম্বর ২০১৩ কে কালো দিবস ঘোষণা করে আগামী ৬ জানুয়ারি আইনজীবীদের কালো ব্যাজ ধারণের সিদ্ধান্ত নেয়া হয়।

সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ গ্রেফতারকৃত সকল আইনজীবীদেরকে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিও করা হয় এ সভা থেকে।