দিনাজপুরের চিরিরবন্দরে জামায়াত নেতা গ্রেফতারের কারণে রাণীরবন্দরে জামায়াত-শিবিরের সাথে পুলিশের সংর্ঘষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জামায়াত-শিবিরকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়েছে পুলিশ।
বুধবার রাত আনুমানিক সাড়ে ৮ টা থেকে ১১টা পর্যন্ত রাণীরবন্দর এলাকায় এ সংঘর্ষ চলে। এ সময় পুলিশ,র্যা ব ও বিজিবি বিভিন্ন বাড়িতে তল্লাসি চালিয়ে ১০জনকে আটক করেছে।
জানা গেছে,বুধবার দুপুরে উপজেলার রাণীরবন্দর সুইহারিবাজারে অভিযান চালিয়ে ডিবি পুলিশ স্থানীয় জামায়াত নেতা আ. রউফ (৪২) কে আটক করে। আটকের খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। চিরিরবন্দর থানা পুলিশ পরিস্থিতি শান্ত করতে আসলে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে।
সংঘর্ষের একপর্যায়ে জামায়াত-শিবির নেতাকর্মীরা দশমাইল-সৈয়দপুর মহাসড়কে চলাচলরত যানবাহনে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। ঘটনাস্থলে  অতিরিক্ত পুলিশ, র্যা ব, বিজিবি ও ডিবি পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে পুলিশ স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. নুর-এ-আলম সিদ্দিকী নয়নের বাড়িতে প্রবেশ করে বাড়িতে অভিযান চালিয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত রাণীরবন্দরে থমথমে অবস্থা বিরাজ করছে। দশমাইল- সৈয়দপুর  মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী রাণীরবন্দর এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।
[b]ঢাকা, ৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমআর[/b]