চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদন্ডের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল করেছে শিবির। মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে দুই ফটো সাংবাদিকসহ তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে নগরীর সাগরপাড়া বটতলা এলাকায় এ মিছিল বের করে।
আহতরা হলেন, দৈনিক প্রথম আলোর ফটো সাংবাদিক শহিদুল ইসলাম দুখু ও দৈনিক ইত্তেফাকের ফটো সাংবাদিক কাবিল হোসেন। তাৎক্ষণিকভাবে অপর আহতের নাম পরিচয় পাওয়া যায়নি। তাদের প্রত্যেককে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাগরপাড়া বটতালা মোড়ে শিবিরকর্মীরা হঠাৎ জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করে। এর অল্প কিছুক্ষণের মধ্যেই তারা ঘটনাস্থল ত্যাগ করে।
শিবির কর্মীরা চলে যাবার সময় ওই এলাকায় একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে পেশাগত দায়িত্বপালনকালে ওই দুই ফটো সাংবাদিক আহত হন। এছাড়া আহত হন আরেক পথচারী। পরে খবর পেয়ে পুলিশ এসে এলোপাথাড়ি গুলি চালায়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তেই সড়কে বন্ধ হয়ে যায় সব ধরনের যান চলাচল।
বোয়ালিয়া মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) জিয়াউর রহমান জিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শিবির কর্মীরা ঝটিকা মিছিল বের করে নাশকতার চেষ্টা চালালে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি।
উল্লেখ্য, বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় জামায়াতের আমীর ও সাবেক শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার প্রধান পরেশ বড়ুয়াসহ ১৪ জনের মৃত্যুদ- দেওয়া হয়েছে।
[b]রাজশাহী,৩০জানুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]