রাজবাড়ীতে ছয়টি হত্যা মামলার আসামি বিপুল বাহিনীর প্রধান কমান্ডার বিকাশকে গ্রেফতার করেছে পুলিশ। রাজবাড়ীর পাংশা উপজেলার শান্তিখোলা গড়াই নদীর পাড় থেকে বুধবার রাত ২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
পাংশা থানার পরিদর্শক আমিনুল ইসলাম জানান, বিকাশ বিশ্বাস সন্ত্রাসী চরমপন্থী বিপুল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড। তার বিরুদ্ধে পাংশা থানায় ছয়টি হত্যা মামলাসহ আটটি মামলা রয়েছে।
পাংশা থানার উপ-পরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় সে তার বাহিনী নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলেও পুলিশ বিকাশকে গ্রেফতার করতে সক্ষম হয়।
তিনি আরও জানান, বিকাশের বিরুদ্ধে পাংশার জাগির পাগলীর ডালিম হত্যা, মাছপাড়ার আক্কাস মেম্বার, সরিষার মানিক, শহীদ হত্যা ও মালেকডাঙ্গীর শরিফুল ইসলামকে হত্যা মামলাসহ একটি ডাকাতি ও একটি দস্যুতার মামলা রয়েছে।
বিকাশ পুলিশকে জানিয়েছে, সে ভারতের নদীয়া জেলার ডুবুলিয়া থানার দাবড়কুলি গ্রামে পালিয়ে অবস্থান করতো।
[b]ঢাকা, ১২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]