[b]টোকিও:[/b] জাপান তার আশপাশের ২৮০টি দ্বীপকে জাতীয়করণ করতে চায় অর্থ্যাৎ একান্তই নিজের করে পেতে চায়। দ্বীপগুলোকে আপাতদৃষ্টিতে বিতর্কের ঊর্ধ্বে মনে করা হচ্ছে। জাপানের 'ওশেনিক পলিসি এন্ড টেরিটোরিয়াল ইস্যুজ' দপ্তরের বরাত দিয়ে রয়টার্স বৃহস্পতিবার এ খবর জানিয়েছে।
দ্বীপগুলোর জাপানের অধিকারেই রয়েছে বলে জানা গেছে। তবে, আশপাশের দেশগুলো জাপানের এই একক মালিকানাকে স্বীকৃতি দিবে কি না তা এখনো স্পষ্ট নয়। তবে, জাপান এসব দ্বীপে মালিকানাকে নিষ্কণ্টক করতে বদ্ধপরিকর।
দ্বীপগুলো জাপান থেকে বেশ দূরে অবস্থিত বলে জানা গেছে। বছর পাঁচেক আগে দ্বীপগুলোকে নিজের মালিকানায় নিয়ে আসার পরিকল্পনা শুরু করে জাপান। চলতি সপ্তাহে দেশটি ঘোষণা করে যে, খুব শীঘ্রই দ্বীপগুলোতে জরিপ পরিচালনা করা হবে।
জাপানের সমুদ্র নীতিমালা বিষয়ক কর্তৃপক্ষ জানিয়েছে, "দ্বীপগুলোকে মূলত জাতীয় সম্পদ হিসেবে আওতাভূক্ত করাই আমাদের লক্ষ্য।"
কর্তৃপক্ষ আরো জানিয়েছে, দ্বীপগুলোর অবস্থান এখনো পরিষ্কার হয়নি। জরিপের পরেই কেবল তা স্পষ্ট করে জানা যাবে। তবে, এগুলো জাপানের জলসীমা ও রাজনৈতিক সীমারেখার মধ্যেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, পরিকল্পনা নেয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত ৯৯টি দ্বীপকে জাপান তার রাষ্ট্রীয় সম্পদের আওতাভূক্ত করেছে। তবে, নতুন করে যে ২৮০টি দ্বীপকে আওতাভূক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে এগুলো এই ৯৯টির বাইরে।
গত কয়েক মাস ধরে পূর্ব চীন সাগরে একটি দ্বীপপুঞ্জ নিয়ে জাপান ও চীনের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে রয়েছে। দ্বীপপুঞ্জটি চীনে দিয়াইউ ও জাপানে সেনকাকু নামে পরিচিত। দ্বীপপুঞ্জটি মানব বসতিবিহীন হলেও খনিজ সম্পদ ও মৎস সম্পদে সমৃদ্ধ।