শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেছেন, শ্রমিকদের আয়ের একটি বড় অংশ বাড়ি ভাড়ায় চলে যায়। তাই বাড়ি ভাড়া নিয়ন্ত্রণে আইন সংশোধন করা হবে।
মঙ্গলবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) পোশাক শিল্পের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র ‘প্রাইস ট্যাগই সব নয়’ প্রদর্শণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন,শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে,তারা যে বেতন পায় তার একটি বড় অংশই ব্যয় হয় বাড়ি ভাড়ায়। দিন দিন এই ভাড়া বেড়েই চলেছে।
বাড়ির মালিকরা যাতে চাইলেই আর ভাড়া বাড়াতে না পারে সেজন্য এ সংক্রান্ত আইন সংশোধন করা হবে। এ জন্য শ্রম মন্ত্রণালয় যথাযথ উদ্যোগ গ্রহণ করবে বলেও জানান তিনি।
চুন্নু বলেন,অপরিকল্পিতভাবে গার্মেন্টস কারখানা গড়ে উঠায় বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটছে। সরকারের পক্ষ থেকে গার্মেন্টস কারখানাগুলো খতিয়ে দেখা হচ্ছে। কারখানাগুলোকে আন্তর্জাতিক মান সম্পন্ন করে গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি আরো বলেন,গার্মেন্টস শ্রমিকদের অসন্তোষের অন্যতম কারণ হলো মালিক-শ্রমিক সুসম্পর্কের অভাব ও আস্থার সংকট। মালিক এবং শ্রমিকদের সুসম্পর্ক গড়ে তোলার দৃঢ় প্রত্যয়ে কাজ করছে শ্রম মন্ত্রণালয়।
প্রতিমন্ত্রী বলেন,জিএসপি সুবিধা ফিরে পেতে শর্তপূরণের চেষ্টা করা হচ্ছে। ইতোমধ্যে বেশ কিছু শর্ত পূরণও করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মোজেনা,তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র ভাইস প্রেসিডেন্ট রিয়াজ উদ্দিন মাহমুদ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ভাইস প্রেসিডেন্ট একেএম মহীউদ্দিন প্রমুখ।
[b]ঢাকা, ১১ ফেব্রুায়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]