পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় মুখোশধারী  দুর্বৃত্তদের ছোড়া অ্যাসিডে ঝলসে গিয়েছে লাইলী আক্তার (১৯) নামের  এক কিশোরীর শরীর।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ধাওয়া ইউনিয়নের নলকাটা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গুরুতর আহত অবস্থায় লাইলী আক্তারকে রাত ১০টার দিকে প্রথমে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, অ্যাসিড আক্রান্ত কিশোরী লাইলী ধাওয়া নলকাটা গ্রামের মৃত আব্দুল মন্নানের মেয়ে। তবে কি কারণে তার ওপর অ্যাসিড ছোড়া হয়েছে তা জানাতে পারেননি পরিবারের সদস্যরা।
এদিকে, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িত সন্দেহে প্রতিবেশী দেলোয়ার হোসেনকে আটক করেছে।
পারিবারিক ও হাসপাতাল সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে  লাইলী তার মামা ছন্দু হাওলাদারের ঘর থেকে মামাত বোন চম্পা আক্তারকে সঙ্গে নিয়ে মোবাইলে চার্জ দিতে প্রতিবেশী নূরু বক্সের ঘরের দিকে যাচ্ছিল। এ সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা কালো কাপড়ে মুখ ঢাকা কয়েক দুর্বৃত্ত লাইলীকে লক্ষ্য করে অ্যাসিড ছুড়ে পালিয়ে যায়।
তারা আরো জানান, লাইলীর চিৎকারে প্রতিবেশী ও স্বজনরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাকে জরুরি ভিত্তিতে বরিশাল মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়।
ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. ইখতিয়ার আহম্মেদ জানান, ওই কিশোরীর শরীরে রাসায়নিক দাহ্য পদার্থ ছুড়ে মারা হয়েছে। তবে এটি অ্যাসিড কিনা তা পরীক্ষার প্রয়োজনীয় সরঞ্জাম তাদের নেই।
তিনি আরো জানান, দাহ্য পদার্থে লাইলীর মুখমণ্ডলের কিছু অংশসহ পিঠের বেশিরভাগ অংশই পুড়ে গেছে।
লাইলীর মা বিধবা মানবরু বেগম জানান,  কারা এ হামলা করেছে তিনি জানেন না। তবে প্রতিবেশী দেলোয়ার হোসেনের সঙ্গে তার বসতঘরের জমি নিয়ে বিরোধ চলছে। ২৫ দিন আগে দেলোয়ার ও তার তিন ছেলে মিলে তাদের মা-মেয়েকে তাড়িয়ে বসতঘর দখল করে নেয়।
এ বিষয়ে ভান্ডারিয়া থানার ওসি মতিউর রহমান জানান, এ ঘটনার জড়িত সন্দেহে গত রাতেই প্রতিবেশী দেলোয়ারকে আটক করা হয়েছে।
[b]ঢাকা, ২৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এসএইচ[/b]