[b]কলম্বো:[/b] চলমান সহিংসতা সত্ত্বেও বাংলাদেশেই এশিয়া কাপ ক্রিকেট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে এশিয়ার ক্রিকেট বোর্ডগুলো। এতে আরো সিদ্ধান্ত হয়েছে, পঞ্চম দেশ হিসেবে এ টুর্নামেন্টে অংশ নেবে আফগানিস্তান।

দশম জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ব্যাপক সহিংসতার কারণে বাংলাদেশ থেকে এ টুর্নামেন্ট সরিয়ে নেয়া হতে পারে বলে গত কয়েকদিন ধরে গুঞ্জন চলছিল। বাংলাদেশ থেকে সরিয়ে নিলে শ্রীলঙ্কা তা আয়োজনের প্রস্তুতির কথাও ঘোষণা করেছিল।

শনিবার এশিয়ার ক্রিকেট প্রধানদের বৈঠকে এশিয়া ক্রিকেট কাউন্সিলের প্রধান নির্বাহী আশরাফুল হক বলেছেন,আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত পূর্ব নির্ধারিত সময়ে বাংলাদেশেই এশিয়া কাপ ২০১৪ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। সবকিছুই ঠিকঠাকমতো চলছে, কেউ এর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেনি।

আশরাফুল হক আরো বলেন, কলম্বো বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে এশিয়া কাপের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা উপস্থাপন করা হয়।

টুর্নামেন্টের ১১টি ম্যাচের সবগুলো ঢাকায় অনুষ্ঠিত হবে। ৫০ ওভারের ম্যাচের এ টুর্নামেন্টে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে যোগ দেবে আফগানিস্তান।

ক্রিকেট বিশ্বের দ্রুত উদীয়মান শক্তি আফগানিস্তান যোগ্যতাবলে এরইমধ্যে ২০১৫ সালের বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে আফগানিস্তান।

আগামী ১৬ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত সময়ে বাংলাদেশেই অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।