দেশের বিভিন্ন স্থানে আজ বুধবারও বৃষ্টি হবে। নিম্নচাপের প্রভাবে এ ধরনের বৃষ্টি আরও দুই দিন থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকা, রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় আজ বৃষ্টি হতে পারে। এ ছাড়া চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক জায়গায় আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এসব জায়গায় বৃষ্টির সঙ্গে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া থাকতে পারে। একই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ঢাকায় আজ সকাল নয়টা থেকে গত ১২ ঘণ্টায় ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এই সময়ে যশোরে রেকর্ড করা হয়েছে ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শাহ আলম প্রথম আলোকে বলেন, নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হচ্ছে। নিম্নচাপটি এখন ওডিশা উপকূলে অবস্থান করছে। আরও দুই দিন বৃষ্টি থাকবে।
গতকাল মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুতুবদিয়ায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন রাঙামাটিতে ২৩ দশমিক ৬।
ঢাকায় আজ সূর্যাস্ত ছয়টা ৪০ মিনিটে। কাল সূর্যোদয় পাঁচটা ১২ মিনিটে।
[b]ঢাকা, ২৮ মে(টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]