অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, এদেশের অর্থনীতির অগ্রগতিতে রাজনৈতিক বিভাজন প্রধান অন্তরায়। বিভাজনের কারণে দেশের অর্থনীতি এগুতে পারছে না।
বুধবার দুপুরে বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন (বিটিএমএ) আয়োজিত বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল এন্ড গার্মেন্টস মেশিনারি প্রদর্শনী-২০১৪ উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুহিত বলেন, রাজনৈতিক অস্থিরতা ও বিভাজন থাকা সত্ত্বেও গত ৫ বছরে বাংলাদেশের অর্থনীতি দ্বিগুণ হয়েছে। এর চেয়ে আরো ভালো অবস্থানে যেত যদি রাজনৈতিক অস্থিরতা এরকম না হত।
তিনি আরো বলেন, জমির স্বল্পতা শিল্পায়নে বাধা সৃষ্টি করছে। শিল্পায়নের জন্য যে পরিমাণ জমির দরকার তার স্বল্পতা দেখা দিয়েছে।
ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, শ্রমিকদের জন্য কাজের নিরাপদ পরিবেশ এবং পণ্যের মান উন্নয়নে নজর দেওয়া উচিৎ।
অর্থমন্ত্রী বলেন, ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে দেশে রাজনৈতিক অস্থিরতা কমেছে।
তিনি বলেন, রাজনৈতিক অস্থিরতার কারণে দেশের অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হয়েছে। নির্বাচনের মাধ্যমে এ অস্থিরতা কিছুটা কমেছে। অর্থনীতির টেকসই উন্নয়নে পণ্যের গুণগত মানের উপর জোর দেওয়ার তাগিদও দিলেন অর্থমন্ত্রী।
আবুল মাল আব্দুল মুহিত বলেন, এই মেলা আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে পণ্য উৎপাদনকারী, প্রতিনিধি ও ব্যবসায়ীগণ তাদের শিল্পের জন্য উন্নতমানের মেশিন, মালামাল, যন্ত্রপাতি এবং এর উৎস সম্পর্কে জানতে পারবে। প্রয়োজন অনুযায়ী ক্রয় করতে পারবে।
এছাড়া এর মাধ্যমে বিশ্বের অন্যান্য দেশে বাংলাদেশর ভাবমূর্তি ভালো হবে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে এফবিসিসিআই-এর প্রেসিডেন্ট কাজী আকরাম উদ্দিন আহম্মেদ বলেন, রাজনৈতিক অস্থিরতা দেশের ব্যবসা বাণিজ্যের উন্নয়নকে নিরুৎসাহিত করে। এই অস্থিরতার না হলে আমরা ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে পারতাম।
তবে এই মেলা দেশের পোশাক রপ্তানিকারকদের জন্য একটি উৎকৃষ্ট ভিত্তি হিসেবে কাজ করবে।
এই প্রদর্শনীতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, কানাডা, ফ্রান্স, বেলজিয়াম, জাপানসহ মোট ৩১ টি দেশের মেশিনারিজ পণ্য প্রদর্শিত হচ্ছে। মেলা চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের প্রদর্শনীতে বিভিন্ন দেশের  ৮৫০ টি কোম্পানি ১৫ হলে এক হাজার ২০টি বুথে  তাদের যন্ত্র ও পণ্য প্রদর্শন করছে।
তাইওয়ানের কোম্পানি চ্যাং চাও ইন্টান্যাশনাল কো ও হংকংয়ের ইওয়র্কাস ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিসের সহযোগিতায় বিটিএমইএ এই প্রদর্শনীর যৌথ আয়োজন করেছে। প্রতিদিন বেলা ১২টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।
অনুষ্ঠানে বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন-এর প্রেসিডেন্ট জাহাঙ্গির আলামিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মীর্জা আযম, বিটিএমএ’র সহসভাপতি মান্নান মিয়া, ইওয়ার্কাস ট্রেড এন্ড মার্কেটিং সার্ভিসেস-এর সিইও টাইগার লেনসহ আরও অনেকে।
[b]ঢাকা, ১২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]