এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ভোলার তজুমদ্দিনে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। ‍
এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চার রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগ অফিসে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী ওহিদ উল্ল্যাহ জসিম অবস্থান করছিলেন।তার সাথে আওয়ামী লীগ সমর্থিত অপর প্রার্থী ও চাঁদপুর ইউপি সদস্য ফকরুল আলম জাহাঙ্গীরও অবস্থান করছিলেন। এসময় ওহিদ উল্ল্যাহ জসিমের কর্মীরা নির্বাচনী স্লোগান দিলে  প্রতিপক্ষ গ্রুপের লোকজনও স্লোগান দেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে তর্ক-বিকর্ত ও হাতাহাতির ঘটনা ঘটে।
এর জের ধরে রাত সাড়ে ৯টায় উভয়পক্ষের কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে দু‌‌‌‌'গ্রুপের ২০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে আসে।
এ বিষয়ে জানতে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুলতান মাহমুদের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোনো মুহুর্তে ফের সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী।
[b]ঢাকা, ২৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]