ঢাকা: আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল না করা পর্যন্ত আগামীকাল সোমবার থেকে সারাদেশে সড়ক, রেল ও নৌপথে অবস্থানের ঘোষণা দিয়েছে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
রোববার সন্ধ্যায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দীন আহমেদ এ ঘোষণা দেন।
এর আগে রোববার সকালে রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কার্যালয়ের সামনে ‘মার্চ ফর ডেমোক্রেসি' কর্মসূচিতে যোগদানের চেষ্টা করেন বেগম খালেদা জিয়া। তবে পুলিশের বাধার কারণে কর্মসূচিতে যোগদানের সব চেষ্টাই ব্যর্থ হয়ে যায়।
পরে আগামীকাল সোমবারও মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি চলার ঘোষণা দেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
এর পর সন্ধ্যায় সার্বিক পরিস্থিতি নিয়ে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দীন আহমেদ।
এদিকে সংবাদ সম্মেলন শেষে প্রেসক্লাব থেকে বের হওয়ার পথেই ডিবি পুলিশ হাফিজউদ্দীনকে আটক করেছে বলে জানা গেছে।