[b]দিনাজপুর:[/b] দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে শনিবার গভীর রাতে দিনাজপুরের নশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চাঁদগঞ্জ সরকারি বিদ্যালয় ভোট কেন্দ্রে নির্বাচন বিরোধীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে।

নশিপুরের সংঘর্ষে মাথায় গুলিবিদ্ধ বিএনপি কর্মী বাবুল হোসেন মারা গেছেন। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোকলেছুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও সংঘর্ষে প্রিজাইডিং অফিসার ও ৫ পুলিশসহ আহত হয়েছে কমপক্ষে ১০ জন।

শনিবার রাত ২টায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১৪ রাউন্ড গুলি বর্ষণ করেছে। আর এতই মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা জান বিএনপি কর্মী বাবুল হোসেন। এসময় নির্বাচন বিরোধীরা পুলিশের ব্যবহত একটি টেম্পু নসিমন জ্বালিয়ে দিয়েছে । ওই ভোট কেন্দ্র দু’টি থেকে নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারী ও নিরাপত্তা বাহিনী নিরাপদে সরে এসেছে।

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন জানান, শনিবার দিবাগত রাত ২টায় নশিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে নির্বাচন বিরোধীরা আক্রমণ চালায়। তারা পুলিশকে লক্ষ্য করে ককটেল ছুঁড়ে মারে। এতে পুলিশের এসআই মোখলেসসহ আরও দুই পুলিশ সদস্য আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে, তিন রাউন্ড গুলি চালায় পুলিশ।

অন্যদিকে রাত দেড়টায় ও চাঁদগঞ্জ সরকারী বিদ্যালয় ভোট কেন্দ্রে নির্বাচন বিরোধীরা আক্রমণ চালালে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও দুই পুলিশ সদস্য আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১১ রাউন্ড গুলি ছুঁড়ে।