লক্ষ্মীপুরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দিদার বাহিনীর প্রধান দিদার নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ১টা ৩৫ মিনিটের দিকে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের সুন্দরগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। 
র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান সন্ত্রাসী দিদারের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 
লক্ষ্মীপুর সদর থানার ওসি (তদন্ত) লোকমান হোসেন জানান, গত মধ্যরাতে চন্দ্রগঞ্জ ইউনিয়েনের কানারহাটে পুলিশের তালিকাভুক্ত আসামী দিদারকে সঙ্গে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে যায় র‌্যাব। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দিদার বাহিনীর সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছোঁড়লে উভয়পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয় বাহিনী প্রধান দিদার। ঘটনাস্থল থেকে একটি এলজি, একনলা বন্দুক ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব।
দিদারের লাশ ময়নাতদন্তের জন্য লক্ষীপুর সদর হাসপাতালে নেয়া হয়েছে বলেও জানান তিনি।
তবে নিহতের পরিবার দাবি করেছে, মঙ্গলবার রাতে পার্শ্ববর্তী নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার বালুরচরা গ্রামের শ্বশুরবাড়ি থেকে র‌্যাব দিদারকে আটক করে নিয়ে যায়।
[b]লক্ষ্মীপুর,২৩জানুয়ারি(টাইমনিউজবিডি)আরএইচ/এসএইচ/এফএ[/b]