পঞ্চম ধাপে ৭৪টি উপজেলায় নির্বাচন হবে সোমবার। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শনিবার মধ্যরাত থেকে এসব নির্বাচনী এলাকায় ২৪৮২ জন সেনা সদস্য থাকবে।
যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা সদস্যরা দায়িত্ব পালন করবে।
প্রতি উপজেলায় এক প্ল্যাটুন করে সেনা মোতায়েন হচ্ছে। প্রতি প্ল্যাটুনে ৩৪ জন করে সেনা সদস্য টহলে থাকবে। নির্বাচনের ২ দিন আগে থেকে শুরু করে নির্বাচনের পরের ২ দিন মোট ৫ দিন পর্যন্ত সেনা সদস্যরা দায়িত্ব পালন করবে।
ইসির তফসিল অনুসারে, আগামী ৩১ মার্চ সোমবার দেশের ৩৫ জেলার ৭৪ উপজেলায় ভোট হবে।
এ নির্বাচনে মোবাইল ফোর্স হিসেবে পর্যাপ্ত সংখ্যক র‌্যাব, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সদস্য মোতায়েন থাকছে। এছাড়া প্রতি কেন্দ্রে একজন পুলিশ (অস্ত্রসহ), অঙ্গীভূত আনসার একজন (অস্ত্রসহ), অঙ্গীভূত আনসার ১০ জন (নারী-৪, পুরুষ-৬ জন) এবং আনসার একজন (লাঠিসহ) ও গ্রামপুলিশ একজন করে আইনশৃঙ্খলার দায়িত্বে থাকবে।
দুর্গম এলাকাগুলোতে এ সংখ্যা শুধু পুলিশের ক্ষেত্রে দুজন হবে। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার্থে ২৯৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৭৪ জন বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।
[b]ঢাকা, ২৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]