প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,সোনার বাংলা গড়তে হলে ব্যাপকভাবে গবেষণা দরকার। সে ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তি যথেষ্ট অবদান রাখতে পারে। তিনি বলেন, বর্তমান সরকার সীমিত সম্পদের মধ্য থেকেই বিজ্ঞান চর্চায় সহায়তা দিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও এ সহায়তা অব্যাহত থাকবে। সরকার বিজ্ঞানীদের পাশে আছে এবং থাকবে।
রোববার ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ বিজ্ঞান একাডেমির স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ২২ জন নবীন ও প্রবীণ বিজ্ঞানীর হাতে স্বর্ণপদক তুলে দেন।
প্রধানমন্ত্রী বলেন,বাংলাদেশ গবেষণায় অনেক সফলতা দেখিয়েছে। দেশ যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে,তা এ গবেষণার ফসল। এ দেশের বিজ্ঞানীদের উদ্ভাবন করা সফটওয়্যার সারা দুনিয়ায় যথেষ্ট সুনাম কুড়িয়েছে।
বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতা,প্রদর্শনী ও প্রবন্ধ প্রকাশনায় বিজ্ঞানীদের উপস্থাপনা বাংলাদেশের জন্য বিজ্ঞান চর্চায় সম্মান বয়ে এনেছে উল্লেখ করে প্রধামন্ত্রী বলেন, পাটের জীবন রহস্য উদঘাটন দেশের কৃষি প্রযুক্তির ইতিহাসে নতুন দিগন্তের উন্মোচন করেছে।
শেখ হাসিনা বলেন,'আমরা চাই বেশি করে বিজ্ঞান গবেষণা ও চর্চা হোক। এ ব্যাপারে যত রকম সাহায্যের প্রয়োজন আমরা দিয়ে যাবো।'
তিনি বলেন,বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিতে দক্ষ বিজ্ঞানী,প্রযুক্তিবিদ ও গবেষক তৈরির লক্ষ্যে ১৯৯৯ সালে এ উদ্যোগটি প্রথম গ্রহণ করা হয়। কিন্তু বিএনপি-জামাত জোট সরকার এ কর্মসূচি বন্ধ করে দেয়। আওয়ামী লীগ পুনরায় সরকার গঠনের পর আবার তা চালু করা হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন।
[b]ঢাকা, ২০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]