সিলেটের জকিগঞ্জ উপজেলায় ডাকা অর্ধদিবস হরতাল চলছে। আওয়ামী লীগের দুজন নেতার জামিন না মঞ্জুর হওয়ায় তাদের মুক্তির দাবিতে ‌এ হরতাল আহ্বান করে স্থানীয় ছাত্রলীগ।
অর্ধদিবস হরতালের সমর্থনে রোববার বিকেলে উপজেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ।
জকিগঞ্জ সহকারী সেটেলমেন্ট অফিসে দু’পক্ষের সংঘর্ষের মামলায় রোববার জকিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে আসেন উপজেলা আওয়ামী লীগ যুগ্ম আহ্বায়ক ফারুক আহমদসহ ১২ নেতা-কর্মী।  
শুনানিকালে আদালতের বিচারক ১২ জন নেতা-কর্মীর মধ্যে ১১ জনের জামিন মঞ্জুর করেন এবং ফারুক আহমদ নামে একজনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এ সময় জামিন প্রাপ্ত ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন আদালতের কাঠগড়ায় প্রতিবাদ করেন। এ কারণে বিচারক তার জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ২৭ মে জকিগঞ্জ সহকারী সেটেলমেন্ট অফিসে উপজেলার দরিয়াপুর গ্রামের দুই পক্ষে সংঘর্ষ বাধে। এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের হয়। দরিয়াপুর গ্রামের ফজলুল করিমের ছেলে কামিল আহমদ বাদী হয়ে উপজেলা আওয়ামী লীগ যুগ্ম আহবায়ক ফারুক আহমদসহ যুবলীগ ও ছাত্রলীগের ১৩ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ১০/১২ জনের বিরুদ্ধে একটি মামলা করেন।
অন্যদিকে উপজেলার দরিয়াপুর গ্রামের মৃত মোস্তাক আলীর ছেলে কামাল আহমদ বাদী হয়ে ১১ জনের নামোল্লেখ করে একটি মামলা দায়ের করেন।
[b]ঢাকা, ২ জুন (টাইমনিউজবিডি.কম) // এএইচ[/b]