মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্মে বাধা দেওয়ায় আমেনা বেগম (৩৪) নামে এক গৃহবধূর উপর হামলা করে সন্ত্রাসীরা। এসময় তার মাথা ফাটিয়ে দিয়েছে সন্ত্রাসীরা। আহত আমেনা বেগম এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
শনিবার আনুমানিক বেলা সাড়ে ১২ টায় এ ঘটনা ঘটে বলে জানাগেছে।
গৃহবধূর স্বামী মোহাম্মদ শহিদ জানান,  ক্যান্টনমেন্ট এলাকার ভাইগারটেক এলাকার আজিজ মার্কেটের কাছেই তাদের নিজেদের বাড়ি। তিনি তার স্ত্রী-সন্তানসহ সেখানেই তারা বসবাস করেন।
তিনি অভিযোগ করেন, স্থানীয় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী শফিক, শাহজাহান এবং শহিদ আজ দুপুরে তার স্ত্রীর উপর হামলা করেছে।
শহিদ জানান, উল্লেখিত সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে তাদের দলবল নিয়ে এলাকায় মাদক ব্যবসা, মাদক গ্রহণ, চাঁদবাজি এবং ইভটিজিংসহ বিভিন্ন অপকর্ম করে আসছিল।
আজ দুপুরে সন্ত্রাসীরা তাদের বাড়ির কাছে মনসুর গেরেজের সামনে এসে মাদক গ্রহণকালে আমেনা তাদের বাধা দিলে সন্ত্রাসীরা তার মাথায় ইট ও লোহার রড দিয়ে আঘাত করে।
পরে গুরুতর আহত আমেনাকে উদ্ধার করে দুপুর আড়াইটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া-উজ্জামান বলেন, আজকের (শনিবারের) হামলার ঘটনার ব্যাপারে থানায় কোন অভিযোগ আসেনি। তবে অভিযোগ আসলে অবশ্যই তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
[b]ঢাকা, ৭ জুন (টাউমনিউজবিডি.কম)// এসআর[/b]