লক্ষ্মীপুর সদর উপজেলায় আওয়ামী লীগের স্থানীয় এক নেতার ছেলেকে শ্বাসরোধে হত্যা করেছে দুবৃত্তরা। নিহত রাকিব হোসেন (২২) সদর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হুমায়ুন কবির বিপ্লবের ছেলে।
উপজেলার দালাল বাজার ইউনিয়নের খোয়াসাগর দিঘিরপাড় এলাকা থেকে শনিবার রাত ৯টায় রাকিব হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ পাঁচ জনকে আটক করেছে।
নিহতের দাদা জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি ইউনিট কমান্ডার ও দালালবাজার ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নুরুজ্জামান মাস্টার জানান, বিকালে বাড়ির সামনের মাঠে রাকিব ক্রিকেট খেলে। এরপর থেকে সে নিখোঁজ ছিল। রাত ৮টার দিকে দালালবাজার খোয়াসাগর দিঘীর পাড়ের একটি খুপড়ি ঘরে স্থানীয়রা তার লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে রাত ৯টায় পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি।
এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর থানার এসআই জিল্লুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।
ঢাকা, ২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসএমএ