শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, দেশের মিডিয়াগুলো বেশি বেশি নেতিবাচক সংবাদ প্রচার করে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে। আমরা অর্থনৈতিক দিক থেকে দুর্বল হলেও শিক্ষা ও গবেষণায় বিশ্বের অন্যান্য দেশের থেকে আমরা পিছিয়ে নেই।
মঙ্গলবার বেলা ১১ টায় রাজধানীর রূপসী বাংলা হোটেলে ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে আয়োজিত ৩ দিনব্যাপী 'গবেষকদের সেতুবন্ধন বিষয়ক কর্মশালার' উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মিডিয়ায় দেশের প্রাকৃতিক সৌন্দর্যের গুরুত্ব দেয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ,দেশের রাজনৈতিক অস্থিরতা,অত্যাধুনিক প্রযুক্তির অভাবে আমরা অনেক পিছিয়ে আছি সত্য। তবে সুন্দরবন,কক্সবাজার,হাজার হাজার নদী ও দেশের প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে আমরা বিশ্বের কাছে নানাভাবে পরিচিত। এসব ইতিবাচক সংবাদ মিডিয়ায় আসলে দেশের ভাবমুর্তি উজ্জ্বল হবে।
দেশের উন্নয়নের কথা চিন্তা করে যুগোপযোগী গবেষণা করতে হবে মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেন,উচ্চমানের গবেষণার মাধ্যমে জাতীয় লক্ষ্য অর্জন সম্ভব হয়। এদেশে জগদীশ চন্দ্র বসু,সত্যেন বোসের মতো লোকেরা জন্মগ্রহণ করেছেন। যারা বিভিন্ন গবেষণার মাধ্যমে দেশের জন্য অবদান রেখেছেন।
আমাদের অনেক সমস্যা থাকা সত্ত্বেও বিশ্বে সুখী মানুষের তালিকায় বাংলাদেশ অন্যতম বলে জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী। বাংলাদেশে যুক্তরাজ্য দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত নিক লো,এম জুলফিকার আলী, গবেষক ড. এস ও বিদেশি গবেষক ড. গ্রাহাম কে ব্রাইন প্রমুখ সেমিনারে উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]