শ্যামস ফিলিং স্টেশনে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় সিদ্ধিরগঞ্জের মৌচাকের এ স্টেশনটির অফিস কক্ষসহ আশপাশে তেলের ব্যারেল ঢেলে আগুন দেয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নারায়ণগঞ্জের আদালতপাড়া থেকে অপহৃত প্যানেল মেয়র নজরুল ইসলামসহ ছয়জনের লাশ উদ্ধারের খবরে বিক্ষুব্ধরা এ ঘটনা ঘটায়।
তাদের অভিযোগ,শ্যামস ফিলিং স্টেশনের মালিক হাজী ইয়াসিন এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।
এদিকে,নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত ড্যান্ডিবার্তার খবরে জানা যায়,সিদ্ধিরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান ও সাধারণ সম্পাদক শ্যামস ফিলিং স্টেশনের মালিক হাজী ইয়াসিন এক সঙ্গে দেশ ত্যাগ করেছেন।
এছাড়া লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড-শিমরাইল পর্যন্ত রাস্তাও অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ জনতা। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে তারা। বিক্ষোভ থেকে জড়িতদের দ্রুত গ্রেফতারসহ বিচারের দাবি জানানো হয়।
বিক্ষোভের কারণে বন্ধ রয়েছে এ রুটের সব যান চলাচল। ফলে দুভোর্গে পড়েছে হাজারো যাত্রী।
গত ২৭ এপ্রিল দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২, আওয়ামী লীগ সমর্থক নজরুল ইসলাম ও তার চার সহযোগীকে তাদের বহনকারী প্রাইভেটকারসহ অপহরণ করে দুর্বৃত্তরা। একটি মামলায় হাজিরা দিয়ে নারায়ণগঞ্জের আদালত থেকে প্রাইভেটকারে করে বেরিয়ে যাওয়ার পর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে তাদের অপহরণ করা হয়। নজরুল অপহরণের সময় থেকে নিখোঁজ রয়েছেন নারায়ণগঞ্জের প্রবীণ আইনজীবী চন্দন কুমার সরকার (৬০) ও তার গাড়িচালক ইব্রাহিম।
এঘটনার ৩ দিন পর বুধবার শীতলক্ষ্যা নদী থেকে প্যানেল মেয়র নজরুল ইসলামসহ ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
[b]ঢাকা, ৩০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]