বশেষ সত্যেরই জয় হলো। অনেক বাধা পেরিয়ে শপথ নিলেন কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান এটিএম মিজানুর রহমান,ভাইস-চেয়ারম্যান সাইফুল আলম,মহিলা-ভাইস চেয়ারম্যান ফারহানা জেসমিন।
রোববার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ তার কার্যালয়ে এ শপথ বাক্য পাঠ করান।
গত ১ এপ্রিল মঙ্গলবার কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে জেলার বিভিন্ন উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান,মহিলা-ভাইস চেয়ারম্যানদের শপথ পড়ানো হয়।
ওই দিন বুড়িচং উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান,মহিলা-ভাইস চেয়ারম্যানেরও শপথের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে প্রশাসন।
কিন্তু শপথ অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ আগে বুড়িচং উপজেলার সাবেক চেয়ারম্যান নির্বাচনে পরাজিত প্রার্থী আওয়ামী লীগ নেতা সাজ্জাদ হোসেনের পক্ষে কুমিল্লা জেলার পিপি এডভোকেট মুজিবুর রহমান আসেন।
তিনি জানান, শপথ স্থগিতে হাইকোর্টের আদেশ হয়েছে। পরে শপথ স্থগিতের জন্য বলেন। একই সময় (হাইকোর্টের আদেশ) আইনজীবী সনদ ফ্যাক্স যোগে জেলা প্রশাসক কার্যালয়ে আসে। একপর্যায়ে প্রশাসন শপথ স্থগিতে সিদ্ধান্ত নেয়।
কিন্তু ওই দিনই হাইকোর্টে খোঁজ নিয়ে দেখা গেল এ বিষয়ে কোন আদেশ হয়নি। বিষয়টি পুরোপুরি জালিয়াতি,ভুয়া ও প্রতারণামূলক।
বিষয়টি শুনানির জন্য পরদিন বুধবারের হাইকোর্টের কার্যতালিকায় ছিল। সে অনুযায়ী বিষয়টি আদালতে উপস্থাপন করেন আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
এ সময় খোকন ওইদিন বুধবার কালেরকণ্ঠে প্রকাশিত ‘হঠাৎ ফ্যাক্স,বিএনপি সমর্থিত চেয়ারম্যানের শপথ বাতিল’ শিরোনামের একটি  প্রতিবেদন আদালতের নজরে আনেন।
আদালতে মাহবুব উদ্দিন খোকন বলেন,রিটটি এই আদালতে শুনানির জন্য আছে। কিন্তু এর আগেই ওই রিটে আদালত আদেশ দিয়ে দিয়েছেন বলে একজন আইনজীবী তার প্যাডে সনদ পাঠিয়েছেন। তখন আদালত অঙ্গনে এ বিষয় জানাজানি হওয়ার পর চাঞ্চল্যের সৃষ্টি হয়।
আদালতে হাজির হয়ে স্থগিতাদেশের আইনজীবী সনদ দেয়ার কথা অস্বীকার করেন রিটকারীর আইনজীবী রানা কাওসার।
ওইদিন হাইকোর্ট বুড়িচং উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান এটিএম মিজানুর রহমানের শপথ স্থগিত চেয়ে পরাজিত প্রার্থী সাজ্জাদ হোসেনের করা রিট আবেদন সরাসরি খারিজ করে দেন।
একইসঙ্গে শপথ স্থগিতের ভুয়া আইনজীবী সনদ সম্পর্কে সুপ্রিমকোর্ট বার এর মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেয়া হয়েছে। বিষযটি আদালতকে অবহিত করারও আদেশ দেয়া হয়েছে।
ভুয়া আইনজীবী সনদ নিয়ে কে বেনিফিসিয়ারি প্রশ্নে আদালতে ব্যারিস্টার খোকন বলেন,পরাজিত প্রার্থী সাজ্জাদ হোসেন। আদালত আদেশে বিষয়টি খতিয়ে দেখতে বলেছে। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. হাবিবুল গণির হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
আদালত বলেন,এ ধরণের জালিয়াতির সঙ্গে যে বা যারা জড়িত তাদেরকে তদন্ত করে বের করে ব্যবস্থা নিতে হবে।
[b]ঢাকা, কেএ, ৬এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]