তুরস্কের 'হিউম্যানিটেরিয়ান রিলিফ ফাউন্ডেশন' নামক বেসরকারি সংস্থা (এনজিও) গাজীপুরে একটি এতিমখানা খুলেছে। শুক্রবার গাজীপুর শহরে ১০০ অনাথ ছেলেশিশুর ধারণ ক্ষমতাসম্পন্ন এ এতিমখানাটি উদ্বোধন করেন এনজিওটির পরিচালক মেহমেত সেলিক। খবর ওয়ার্ল্ডবুলেটিনের।
গাজীপুরের এ এতিমখানাটি হলো বাংলাদেশে তুরস্কের নির্মিত পঞ্চম এতিমখানা। এটির নাম দেয়া হয়েছে 'সুলতান আবদুল হামিদ (দ্বিতীয়) ফ্র্যাটার্নিটি অরফানেজ'।
এনজিওটির পরিচালক মেহমেত সেলিক উদ্বোধনী অনুষ্ঠানে এতিম শিশুদের উদ্দেশ্যে বলেন, "সমস্ত মুসলিমই একে অপরের ভাই। আমরা তোমাদের দেশে এসেছি আমাদের ভ্রাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করতে। আমরা আশাবাদী যে, তোমরা ভবিষ্যতে একদিন মহৎ মানুষ হবে এবং দেশ ও সমস্ত মানবতার জন্য নিয়ে আসবে আশার বার্তা।"
চারতলাবিশিষ্ট এতিমখানা ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে তুরস্কের মুদ্রায় ৬ লক্ষা লিরা। ভবনটিতে রয়েছে ২০টি আবাসিক রুম, একটি করে স্টাডি হল, স্টাডি রুম, ডাইনিং রুম ও রান্নার ঘর। এতিমখানাটিতে এখন ৪৫ জন শিশু থাকলেও ক্রমান্বয়ে তা ১০০ তে উন্নীত করা হবে। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন
[b]ঢাকা, ০২ মে (টাইমনিউজবিডি) //এমএ[/b]