মহান মে দিবস উপলক্ষে গাজীপুরে শ্রমিক জনসভায় যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিকেল ৩টায় প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে এরইমধ্যে গাজীপুরকে নতুন সাজে সাজানো হয়েছে।
বুধবার বিকালে গাজীপুর মহানগরের ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় মাঠে গিয়ে দেখা যায়, জনসভার বিশাল মঞ্চ নির্মাণের কাজ শেষ। মঞ্চ সাজাতে ব্যস্ত কর্মীরা। নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনী, র্যাব ও পুলিশ জনসভাস্থল ঘিরে রেখেছে।
এর আগে দিনভর মাঠ পরিদর্শন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, গাজীপুর-২ আসনের এমপি জাহিদ আহসান রাসেল প্রমুখ।
এদিকে, মে দিবসের অনুষ্ঠান উপলক্ষে জেলায় উৎসবের আমেজ চলছে। থানা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা একাধিক সভা করে জনসভাকে সফল করার জন্য সাংগঠনিক প্রচার-প্রচারণা চালান। ঢাকা থেকে গাজীপুর পর্যন্ত মহাসড়কের অসংখ্য তোরণ নির্মাণ করা হয়েছে। রাস্তায় শোভা পাচ্ছে নানা রঙের ব্যানার ও ফেস্টুন।
গাজীপুরের পুলিশ সুপার আব্দুল বাতেন  জানান, প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে গাজীপুরকে এরইমধ্যে নিরাপত্তা চাঁদরে ঢেকে দেওয়া হয়েছে।
[b]ঢাকা, ১ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]