সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমানের দুর্নীতি অনুসন্ধানে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে সংশ্লিষ্ট নথিপত্র তলব করেছে  দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার কমিশন এ সংক্রান্ত চিঠিগুলো বিভিন্ন প্রতিষ্ঠানে পাঠিয়েছে বলে কমিশনের উপপরিচালক খায়রুল হুদা  নিশ্চিত করেছেন।
তলবকৃত নথিপত্রগুলো হলো : রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) কাছে চাওয়া হয়েছে মাহবুবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে ফ্ল্যাট বা বাড়িসংশ্লিষ্ট সব ধরনের কাগজপত্র।
বাংলাদেশ পোস্ট অফিসের (জিপিও) কাছে সঞ্চয়পত্র সংশ্লিষ্ট সব ধরনের কাগজপত্র।
ঢাকা স্টক এক্সচেঞ্জের কাছে চাওয়া হয়েছে তার ও পরিবারের সদস্যদের নামে লেনদেনকৃত বিভিন্ন শেয়ার, ডিবেঞ্চারসহ সংশ্লিষ্ট সব ধরনের নথিপত্র।
বাংলাদেশ রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) কাছে চাওয়া হয়েছে তার ও পরিবারের সদস্যদের নামে প্রাইভেট বা অন্য কোনো ধরনের পরিবহনসংশ্লিষ্ট নথিপত্র।
পটুয়াখালী জেলা রেজিস্ট্রার অফিসের কাছে চাওয়া হয়েছে তার ও পরিবারের সদস্যদের নামে ভূমি ক্রয়কৃত বা বিক্রয়কৃত সব ধরনের নথিপত্র।
এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ও ঢাকা সিটি কর্পোরেশনের কাছে চাওয়া হয়েছে ঢাকায় তার ও পরিবারের নামে যেসব প্লট, আবাসিক বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে, তার নথিপত্র।
আগামী ১৬ ফেব্রুয়ারির মধ্যে এসব নথিপত্র দুদকে পাঠানোর জন্য বলা হয়েছে।
এর আগে দুদক উপপরিচালক ৩ থেকে ৬ ফেব্রুয়ারি সংসদ সদস্য মাহবুবুর রহমানের নির্বাচনী আসন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) এলাকা সফর করেন।
এ সময় তিনি জেলা রিটার্নিং অফিসের কাছ থেকে নবম ও দশম সংসদ নির্বাচনের হলফনামা সংগ্রহ করেন। এছাড়া উপজেলা নির্বাহী অফিস, মৎস্য অফিস, পৌরসভা, ভূমি ও সাব-রেজিস্ট্রার অফিসের কাছ থেকে তার ও পরিবারের সদস্যদের নামে থাকা বিভিন্ন ধরনের নথিপত্র সংগ্রহ করেন।
মাহবুবুর রহমানের অভিযোগের বিষয়ে জানা যায়, তিনি গত পাঁচ বছরে ২০ একর জমি থেকে দুই হাজার ৮৬৫ একর জমির মালিক হয়েছেন। নবম সংসদের হলফনামা অনুসারে পাঁচ লাখ টাকার সঞ্চয়পত্র ছাড়া কোনো স্থাবর-অস্থাবর সম্পদ না থাকা স্ত্রীর নামে এখন এক কোটি ২৬ লাখ ৭১ হাজার টাকার সম্পদ রয়েছে। নিজের ৩৬ লাখ ৩৩ হাজার ১১২ টাকার স্থাবর সম্পদ পাঁচ বছরের ব্যবধানে বেড়ে দাঁড়িয়েছে পাঁচ কোটি ২৫ লাখ ৬৬ হাজার ৭২ টাকা।
[b]ঢাকা, ১০ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]