সাভারের রানা প্লাজার ট্রাজেডির অনুসন্ধান ও তদন্ত কাজ প্রায় শেষ পর্যায়ে এসেছে বলে জানালেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী।
দুদক কার্যালয়ে বুধবার দুপুরে মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকেদের এক প্রশ্নের জবাবে সচিব  এই কথা জানান।
তিনি বলেন, রানা প্লাজা নিয়ে সিআইডি পুলিশ এবং  দুদক অনুসন্ধান ও তদন্ত করছে।  তদন্ত কাজ প্রায় শেষ হয়েছে। শিগগিরই আমাদের তদন্ত প্রতিবেদন দাখিল করব।
তিনি  বলেন, দুদক  সিআইডির সঙ্গে যোগাযোগ রাখছে।এ ক্ষেত্রে  সম্পদ ও ক্ষমতার অপব্যবহারের অংশ  দেখবে দুদক।
আর বাকি সব সিআইডি তদন্ত করে প্রতিবেদন দেবে। দুটি সংস্থাই যোগাযোগ করে তদন্ত প্রতিবেদন পেশ করবে, যাতে আসামিরা কোনো ধরনের সুযোগ গ্রহণ করতে না পারে।
রানার পিতার সম্পদের হিসাব পেয়েছে দুদক।  তবে রানা কারাগারে আটক থাকায় তার সম্পদ বিবরণী পায়নি।
সাংবাদিকদের অপর প্রশ্নের জবাবে সচিব বলেন, তাড়াতাড়িই ডেসটিনির বিরুদ্ধে চার্জশিট আদালতে দাখিল করা হবে।
[b]ঢাকা,একে,২৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]