[b]গাজীপুর:[/b] ভোট কাস্ট কম হলেও ৫ জানুয়ারির নির্বাচনকে তুড়ি মেরে উড়িয়ে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার সকালে গাজীপুর টঙ্গী-কামারপাড়া সড়কের মেরামত ও সম্প্রসারণ কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রেও ৪০ থেকে ৪৫ শতাংশের বেশি ভোট কাস্ট হয় না। অথচ দশম জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দল ছাড়াই ৪০ শতাংশের বেশি ভোট পড়েছে। সুতরাং স্বল্প ভোটের দোহাই দিয়ে এ নির্বাচনকে তুড়ি মেরে উড়িয়ে দেয়া যাবে না।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার উপদেষ্টা, পরামর্শকরা ভুল পরামর্শ দিয়েছেন। তাদের পরামর্শে তিনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও বলেন, তিনি (খালেদা) এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন নির্বাচনে না এসে তিনি কতটা ভুল করেছেন। তার ভুলের মাসুল তাকেই দিতে হবে।
জামায়াতকে কেন নিষিদ্ধ করা হচ্ছে না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জামায়াত নিষিদ্ধ করার বিষয়টি হুট করে সিদ্ধান্ত নেয়ার ব্যাপার নয়। এ ব্যাপারে আদালতে রিট রয়েছে। তাই আদালতের বিচারাধীন বিষয় নিয়ে হস্তক্ষেপ করলে তা সাব-জুডিস হবে।