চট্টগ্রাম মহানগরীর দক্ষিণ খুলশী এলাকায় মোহাম্মদ সেলিম (৩৩) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতা খুন হয়েছেন। শনিবার গভীর রাতে কোন এক সময় সন্ত্রাসীরা সেলিমকে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে যায়।
আজ রোববার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহত সেলিম ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালের দিকে চট্টগ্রাম নগরীর খুলশীর সিটি কর্পোরেশন আবাসিক এলাকায় লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে এবং পরিচয় নিশ্চিত হয়।
খুলশী থানার ওসি মাইনুল ইসলাম ভূইঁয়া টাইম নিউজকে জানান, কে বা কারা কি কারণে সেলিমকে হত্যা করেছে কেউ বলতে পারছে না। হয়তো পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকান্ড ঘটতে পারে। আমরা তদন্ত করে দেখছি।
নিহত সেলিমের বাড়ী বরিশালের মুলাদী থানার হরিনাথপুর গ্রামে। তার পিতার নাম মৃত আবদুর রাজ্জাক। নগরীর আমবাগান এলাকায় তার রিকশা তৈরির গ্যারেজ রয়েছে।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এসকে খোদা তোতন জানান, নিহত সেলিম আমার দলের ওয়ার্ড নেতা।  ছাত্রলীগের এমইএস কলেজ মশিউর গ্রুপের সন্ত্রাসীরা সেলিমকে হত্যা করেছে বলে শুনেছি। সেলিম ঠিকাদারী ব্যবসা করতো হয়তো এর বিরোধেই হত্যাকান্ড হতে পারে।
এদিকে নিহত সেলিমের ছোট ভাই মোহাম্মদ জনি জানান,শনিবার রাতে স্থানীয় আশরাফ বাহিনীর লোকজন তার ভাইকে ডেকে নিয়ে যায়। এর পর তিনি রাতে বাসায় ফিরে আসেনি। সকালে দক্ষিণ খুলশী এলাকায় তার লাশ পাওয়া যায়। এ ব্যাপারে খুলশী থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান জনি।
[b]চট্টগ্রাম, ২ ফেব্রুয়ারি, (টাইমনিউজবিডি)//এসএইচ[/b]