নোয়াখালীতে বোমায় আহত আওয়ামী লীগ কর্মী মেহবুব আহমেদ (৩৮) বুধবার বিকাল ৩টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতের বাবা মনির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
গত সোমবার সন্ধ্যায় নোয়াখালীর সদর উপজেলায় অশ্বদিয়া ইউনিয়নের মমিনের দোকান এলাকায় বোমা বিস্ফোরণে মেহবুব আহমেদ (৩৮) ও মিলন (৩৫) নামে ২ যুবক আহত হন।
আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মেহবুবের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেকে স্থানান্তর করা হয়।
বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মাহবুব আলমগীর আলো অভিযোগ করে বলেন,ভোটের দিন ব্যবহারের জন্য আওয়ামী লীগ কর্মীরা এসব বোমা বহন করছিল।
আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন পাল্টা অভিযোগ করে বলেন,মেহবুব ও মিলনকে আওয়ামী লীগ সদস্য। তাদের লক্ষ্য করে বিএনপি-জামায়াতের কর্মীরা বোমা নিক্ষেপ করেছে।
পুলিশ সুপার আনিসুর রহমান জানান,এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। তদন্তে ঘটনার সত্যতা বেরিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
[b]ঢাকা, ২৬ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]