[b]ত্রিপলি:[/b] লিবিয়ার রাজধানী ত্রিপলির সিরতে এলাকায় নিজ বাড়িতে যাওয়ার পর গুলিবিদ্ধ হয়ে  মারা গেছেন লিবিয়ার শিল্প প্রতিমন্ত্রী হাসান আল-দ্রোউই। কারা তাকে গুলি করেছে তা এখনো জানা যায়নি।
২০১১ সালে দেশটির সাবেক সরকারপ্রধান মুয়াম্মার গাদ্দাফির পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের কোনো মন্ত্রী এবারই প্রথম কোনো হত্যাকাণ্ডের শিকার হলেন।
স্থানীয় পত্রিকা লিবিয়া হেরাল্ডকে ত্রিপলি নিরাপত্তা অধিদফতরের গণমাধ্যম বিষয়ক সমন্বয়ক এসাম নাস জানিয়েছেন, আজ  রোববার সিরতের মেকমদাস মার্কেটের নিকটবর্তী একটি মসজিদে নামাজ পড়ার পরেই হত্যা করা হয় দোউইকে।
নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা সংবাদ সংস্থা এএফপি-কে জানিয়েছেন, সিরতেতে নিজ বাড়িতে আসার পরে হঠাৎ করেই একদল অজ্ঞাত দুর্বৃত্তের আক্রমণের শিকার হয়ে মারা যান শিল্প প্রতিমন্ত্রী হাসান আল-দ্রোউই। অজ্ঞাত বন্দুকধারী কয়েকজন ব্যক্তি তার উপর গুলি চালিয়েছে বলেও জানিয়েছেন তিনি।
শহরের ইবনে সিনা হাসপাতালের একজন কর্মকর্তা প্রতিমন্ত্রীর মৃত্যুর ঘটনা নিশ্চিত করে জানিয়েছেন, তার শরীরের অনেকগুলো অংশে একাধিকবার গুলি করে তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে।