ঢাকা: আগামী ২৯ ডিসেম্বর ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি সম্পর্কে অবহিত করা ও কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা চেয়ে ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) চিঠি দিয়েছে বিএনপি। স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শককেও বৃহস্পতিবার একই চিঠি দেয়া হবে।
বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুকের নেতৃত্বে বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ডিএমপি সদর দফতরে গিয়ে কমিশনার বেনজীর আহমেদের সাথে সাক্ষাৎ করে এ চিঠি দেন।
প্রতিনিধি দলের অপর দুই সদস্য হলেন সংসদ সদস্য এ বিএম আশরাফ উদ্দিন নিজান ও বিএনপির সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম। তারা প্রায় ১৫-২০ মিনিট সেখানে অবস্থান করেন।
বিএনপির সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম পরে গণমাধ্যমকে জানান, ডিএমপি কমিশনারকে দুইটি চিঠি হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে একটি হলো ২৯ ডিসেম্বর নয়াপল্টনে গণজমায়েত ও মাইক ব্যবহারের অনুমতি এবং সারাদেশ থেকে আগত নেতাকর্মীদের আবাসিক হোটেলে নির্বিঘ্নে থাকার বিষয়ে আবেদন। অপরটি হলো বিরোধী দলীয় নেতার নিরাপত্তা সংক্রান্ত।
ডিএমপির যুগ্ম কমিশনার মাসুদুর রহমান জানান, বিএনপির প্রতিনিধি দল কমিশনার স্যারের সাথে আলাপ করেছেন। অনুমতি দেয়ার বিষয়টি হাইকমান্ডের ওপর নির্ভর করছে।
বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে জাতীয় পতাকা হাতে ‘মার্চ ফর ডেমোক্রেসি’ নামে ঢাকা অভিমুখে যাত্রার কর্মসূচি ঘোষণা করেন। ওইদিন ঢাকায় এসে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বেগম জিয়া।
এদিকে বুধবার বড়দিন উপলক্ষে সরকারি ছুটি হওয়ায় পরদিন বৃহস্পতিবার সমাবেশের অনুমতি চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রসচিব, পুলিশের আইজি ও কমিশনারকে চিঠি দেবে দলটি।
বিএনপির একটি দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।





