[b]বাগদাদ:[/b] ইরাকে এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। বৃহ্স্পতিবার রাজধানী বাগদাদে এ ঘটনা ঘটে।  
প্রধানমন্ত্রী নূরী আল মালিকি ইরাক থেকে আল কায়েদাকে প্রতিহত করার ঘোষণা দেয়ার একদিন পরই এ ঘটনা ঘটল।
ডন অনলাইন জানিয়ছে, বাগদাদের একটি সেনা ক্যাম্পে নতুন সেনা নিয়োগের সময় হামলাটি চালানো হয়। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী মালিকি দেশের স্বেচ্ছাসেবকদেরকে আল কায়েদার বিরুদ্ধে লড়াই করতে সেনাবাহিনীতে যোগ দেয়ার আহ্বান জানিয়েছিলেন।
বাগদাদের ওই নিয়োগ কেন্দ্রে চাকরিতে যোগ দিতে লাইনে দাঁড়িয়েছিলেন। তারা এর আগে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করতেন।
এ সময় একজন চাকরিতে যোগ দেয়ার কথা বলে নাম নিবন্ধন করে লাইনে এসে দাঁড়ান। লাইনে দাঁড়ানোর পর তার সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ ঘটালে এই হতাহতের ঘটনা ঘটে।
প্রসঙ্গত, আল কায়েদা সংশ্লিষ্ট ইসলামিক স্টেট অব ইরাক এন্ড দি লেভ্যান্ট (আইএসআইএল) গত বুধবার ফালুজা শহরের একাংশের নিয়ন্ত্রণ দখল করে নেয়। এ ছাড়া, সিরিয়ার সীমান্তবর্তী এলাকা, পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশেও বেশ শক্ত অবস্থানে রয়েছে আইএসআইএল।
এদিকে, প্রধানমন্ত্রী মালিকি আইএসআইএল'র বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও রাশিয়া সামরিক সরঞ্জাম দিয়ে দেশটিকে সহায়তা করছে। সূত্র: ডন অনলাইন