রাজধানীর মহাখালীতে সন্ত্রাসীদের গুলিতে এক শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম দুলাল সর্দার (৩০) বলে জানা গেছে। দুলাল বিদ্যুতের কাজ করতেন। তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের সদর উপজেলার লাউরিপাড়ায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মহাখালীর ওয়ারলেস এলাকার ঝাউতলা বস্তি এলাকায় দুলালকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা।
নিহতের এক সহকর্মী জানান, রাত পৌনে ৯টার দিকে দুলালসহ তারা তিনজন রাস্তা দিয়ে হেঁটে ঝাওতলা বস্তির দিকে আসছিলেন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা গুলি করে। এতে মাথায় গুলি লাগলে মাটিতে তিনি লুটিয়ে পড়েন দুলাল। সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুলালকে মৃত ঘোষণা করেন।
সবশেষ প্রাপ্ত খবর অনুযায়ী খুনীদের কাউকে ধরতে পারেনি পুলিশ।
এদিকে, নিহতের স্ত্রী নূর বানু সাংবাদিকদের বলেন, পরিবারের সঙ্গে মহাখালীর কড়াইল বস্তিতে থাকতেন দুলাল। তিনি বস্তিতে পানি ও বিদ্যুত্ সরবরাহকারীদের পক্ষে মাসিক টাকা তুলতেন।
বনানী থানা পুলিশ জানিয়েছে, ব্যবসায়িক কারণে দুলালকে হত্যা করা হয়েছে বলে মৌখিকভাবে অভিযোগ করেছে পরিবার। লিখিত অভিযোগ পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।[b]
ঢাকা, ২৪ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)//কেবি[/b]