[b]ঢাকা:[/b] ‘ও’লেভেল এবং ‘এ’ লেভেলসহ সব পরীক্ষার্থীকে সর্বোচ্চ নিরাপত্তা দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার বেনজীর আহমেদ একথা বলেন।
কমিশনার বলেন, রাজনৈতিক কর্মসূচির কারণে মঙ্গলবার থেকে শুরু হওয়া ‘ও’ লেভেল এবং ‘এ’লেভেল পরীক্ষার্থীদের মধ্যে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। অভিভাবকরা থানায় অভিযোগও করছেন।
বেনজির বলেন, রাজনৈতিক লাগাতার কর্মসূচির ফলে মেধাবীরা বার বার ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমন অবস্থায় দেশের মেধাবীদের পাশে দাঁড়াতে চায় ঢাকা মহানগর পুলিশ।
তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচির মধ্যেও অভিভাবকরা যদি তাদের সন্তানদের পরীক্ষা কেন্দ্রে নিয়ে যেতে চান, তাহলে ডিএমপি পরীক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে চায়। এর জন্য অভিভাবকদের সহযোগিতা দরকার।
বুধবার হরতাল শেষে সন্ধ্যার পরে পরীক্ষা অনুষ্ঠিত হবে উল্লেখ করে বেনজীর আহমেদ বলেন, হরতাল শেষে ঢাকার আটটি কেন্দ্রে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে, তাতে যে নিরাপত্তা থাকবে, এটা সাময়িক। তবে পুলিশ পরীক্ষার্থীদের জন্য সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে চায়।
তারা চাইলে রাজনৈতিক কর্মসূচির মধ্যেও পরীক্ষা দিতে পারবে। তাদের যথাসম্ভব নিরাপত্তার দেওয়ার দায়িত্ব নেবে পুলিশ। যদি কেউ নিরাপত্তাহীনতায় ভোগেন, তাহলে কাছাকাছি থানায় যে কোনো সময় জানানো যেতে পারে।
ডিএমপি কমিশনার বলেন, রাজধানীতে সন্ত্রাসীদের ভাড়া করে এনে তাদের বোমাবাজি ও নাশকতায় ব্যবহার করা হচ্ছে। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ অব্যাহত রেখেছি।
বেনজির বলেন, এ পর্যন্ত প্রায় এক হাজার ২শ সন্ত্রাসীকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। এছাড়াও দুই হাজার সন্ত্রাসী আটক করে তাদের জেল-হাজতে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, বর্তমানে সহিংসতা অনেকটাই কমিয়ে এসেছে। বাকিটা নির্মূল করার জন্য কাজ করছে ঢাকা মহানগর পুলিশ।