ঢাকা: জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল আবেদনের ওপর আবার শুনানি শুরু হয়েছে।
প্রায় ৫০ দিন পর সোমবার সাঈদীর পক্ষে আপিল শুনানি করছেন অ্যাডভোকেট এসএম শাহজাহান। তিনি সাঈদীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে দেয়া ২৮তম সাক্ষী তদন্ত কর্মকর্তার জেরা উপস্থাপন করছেন।
এর আগে সর্বশেষ গত বছরের ২৫ নভেম্বর এ মামলার শুনানি হয়েছিল। পরে হরতাল-অবরোধ আর অবকাশকালীন ছুটির কারণে আর শুনানি হয়নি।
প্রধান বিচারপতি মো. মোজ্জাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৫ সদস্যের বেঞ্চে এ শুনানি চলছে। বেঞ্চের অন্য চার বিচারপতি হচ্ছেন- বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত বছরের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
এ রায়ের বিরুদ্ধে ২৮ মার্চ সাঈদী ও সরকারপক্ষ পৃথক দুটি আপিল (আপিল নম্বর ৩৯ ও ৪০) দাখিল করেন।