রাজধানীর গেন্ডারিয়া থানার একাধিক মামলার আসামি পিচ্চি রনি পুলিশের গুলিতে আহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
গেন্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) হরিদাশ রায় টাইম নিউজ বিডিকে জানান, পিচ্ছি রনির নামে থানায় অস্ত্র ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। তাকে মঙ্গলবার ভোরে গেন্ডারিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশের কাছে দেওয়া তথ্যমতে বুধবার দিবাগত রাত দুইটার দিকে অস্ত্র উদ্ধারে ধোলাইখাল এলাকার যমুনা ব্যাংক গলিতে অভিযান চালায়। সেখানে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলা চালায়। সন্ত্রাসীদের সাথে সংঘর্ষে ছুরির আঘাতে গুরুতর আহত হয় কনস্টেবল জয়নাল আবেদিন।
এ সময় পিচ্চি রনি পালানোর চেষ্টা করলে পুলিশ গুলি ছোড়ে। পুলিশের ছোড়া একটি গুলি পিচ্চি রনির ডান পায়ে লাগে। পরে গুলিবিদ্ধ অবস্থায় রনিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অন্যদিকে আহত কনস্টেবল জয়নাল আবেদিনকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়।
[b]ঢাকা, জেইউ, ৪ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) //এসএইচ[/b]