বঙ্গোপসাগর থেকে ডাকাতের অপহরণ করা ৪০ জেলের মধ্যে ২০ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌ-বাহিনী। সোমবার বিকালে তাদের উদ্ধার করা হয়েছে।
কোস্টগার্ড পশ্চিম জোনের কমান্ডার মেহেদী মাসুদ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, নৌ বাহিনীর ২টি দল যৌথ অভিযান চালিয়ে অপহৃত জেলেদের উদ্ধার করেছে। তবে ডাকাত দলের কাউকে আটক করা সম্ভব হয়নি।
জানা যায়, দক্ষিণ জোনের অধীন পাথরঘাটা থেকে নেভীর একটি দল ও পশ্চিম জোনের অধীন অন্য একটি দল কচিখালী এলাকা থেকে যৌথভাবে ডাকাতদের একটি দলকে সুন্দরবনের নিকটবর্তী কটকা এলাকায় আক্রমন করে। এ সময় ডাকাত দল একটি ট্রলারে ওই ২০ জেলেকে ফেলে সুন্দরবনের মধ্যে পালিয়ে যায়।
চলতি সপ্তাহের শনিবার ও রোববার ১টি ডাকাত দল বঙ্গোপসাগরের অবস্থানরত পিরোজপুর, বাগেরহাট ও বরগুনার বিভিন্ন এলাকার ৩৫-৪০টি ট্রলারের ১জন করে জেলেকে অপহরণ করে নিয়ে যায়। এরপর সোমবার বিকেলে নৌ-বাহিনীর সদস্যরা অপহৃত জেলেদের মধ্যে ২০ জনকে কটকা এলাকা থেকে উদ্ধার করে।
[b]ঢাকা, ১৭ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ
[/b]