[b]ঢাকা:[/b] তিন শর্তে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই ওমরা এজেন্টদের এক লাখ সৌদি রিয়াল বা তার সমপরিমাণ টাকার ব্যাংক গ্যারান্টি দিতে পারবে ব্যাংকগুলো।
প্রচলিত নিয়মে যে কোনো পরিমাণের গ্যারান্টির জন্য কেন্দ্রীয় ব্যাংকের অনুমোতি নিতে হত। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের উপ-মহাব্যবস্থাপক মোঃ জাকির হুসাইন চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, ব্যাংক গ্যারান্টির আবেদন বিবেচনার ক্ষেত্রে তিনটি শর্ত পালন করতে হবে। এ গুলো হচ্ছে, প্রথমত, আবেদনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে ইস্যু করা এজেন্টশিপের লাইসেন্সের তারিখ ও মেয়াদ শেষের তারিখ উলে­খ থাকতে হবে। দ্বিতীয়ত, সংস্লিষ্ট এডি ব্যাংক বাংলাদেশী ওমরা এজেন্ট ও সৌদি আরবের ওমরা সেবা প্রদানকারী এজেন্টের মধ্যেকার চুক্তিপত্রের সত্যতা নিশ্চিত করবে। তৃতীয়ত, আবেদনকারী প্রতিষ্ঠানের আগের কাজের বিষয়ে ব্যাংককে সন্তোষজনক হতে হবে।
এ প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানান, বাংলাদেশী ওমরা এজেন্টদের সঙ্গে সৌদি আরবের ওমরা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি করতে হয়। এক্ষেত্রে বাংলাদেশী এজেন্টের ব্যবসার আকার অনুযায়ী ব্যাংক গ্যারান্টি দেখাতে হয়। প্রচলিত নিয়মে যে কোনো পরিমাণের ব্যাংক গ্যারান্টির জন্য কেন্দ্রীয় ব্যাংকের অনুমতির বাধ্যবাধকতা থাকলেও এখন থেকে এক লাখ সৌদি রিয়াল পর্যন্ত অনুমতির প্রয়োজন হবে না।