নির্বাচনকালীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও দিনাজপুর-৪ আসানের সংসদ সদস্য এ এইচ মাহমুদ আলী নতুন সরকারের মন্ত্রী হিসেবে এবং নরসিংদী-১ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম হিরু প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
বুধবার দুপুর  ১২টায় বঙ্গভবনের দরবার হলে তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা।
৫ জানুয়ারি বিএনপিবিহীন নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে টানা দ্বিতীয়বারের মতো সরকার গঠন করে ১৪ দলীয় জোট। এরপর ১২ জানুয়ারি বিকেলে শপথ নেন নবগঠিত সরকারের মন্ত্রীরা। তবে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিজের হাতেই রেখে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিভিন্ন সূত্রমতে পররাষ্ট্র মন্ত্রণালয়েরই দায়িত্ব পাচ্ছেন আবুল হাসান মাহমুদ আলী।
এ নিয়ে বর্তমান সরকারের মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীসহ মন্ত্রীর সংখ্যা দাঁড়ালো ৩১-এ, প্রতিমন্ত্রী হলেন ১৮ জন। এছাড়া এ মন্ত্রিসভায় উপমন্ত্রী রয়েছেন ২ জন, উপদেষ্টা রয়েছেন ৫ জন এবং প্রধানমন্ত্রীর বিশেষ দূত আছেন ১ জন। 
আবুল হাসান মাহমুদ আলী এর আগে নির্বাচনকালীন মন্ত্রিসভার সদস্য ছিলেন। তখনও তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। আবুল হাসান মাহমুদ আলীর নির্বাচনী এলাকায় কয়েকটি কেন্দ্রের নির্বাচন স্থগিত হওয়ায় এমপি হিসেবেও পরে শপথ নেন। আর এ কারণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন প্রধানমন্ত্রী নিজেই। এ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন শাহরিয়ার আলম।[b]
ঢাকা, ২৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b] / [b]জেআই[/b]