[b]খাগড়াছড়ি:[/b]চার দিন ধরে জেলার সঙ্গে তিন উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।শহরের খাগড়াপুর এলাকায় কাঠভর্তি ট্রাকের চাপে ধসে পড়া বেইলী সেতুটি মেরামত না হওয়ায় এ অবস্থা সৃষ্টি হয়েছে। ফলে তিন উপজেলা দীঘিনালা, বাঘাইছড়ি ও লংগদু উপজেলার কয়েক লাখ মানুষ সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছে।
গত (১৪ জানুয়ারি) মঙ্গলবার বিকেল পৌনে তিন টার দিকে দীঘিনালা থেকে ছেড়ে আসা কাঠভর্তি একটি ট্রাক (নং-চট্ট-মেট্রো-১১-৪১২১) অতিক্রমকালে বিকট শব্দে ট্রাকসহ সেতুটি ধসে পড়ে। তবে এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, আশি’র দশকে নির্মিত লোহার পাটাতনের সেতুটি ঝুঁকিপূর্ণ হলেও মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না নেওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। সেতু ধসের পর দু’দিকে যানবাহনের দীর্ঘ জট লেগে আছে।
নির্বাহী প্রকৌশলী মোঃ ইসমাইল হোসেন জানান, সেতুটি মেরামত করে যান চলাচলের উপযোগী করতে আরো অন্তত এক সপ্তাহ লাগবে।