কুতুবদিয়া উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মঞ্জুর আলম শিকদারের সমর্থক লেমশীখালী ইউপি চেয়ারম্যান আকতার হোসেনের বিরুদ্ধে হামলা ও ভোট ডাকাতির হুমকির অভিযোগ উঠেছে।
জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শাহরিয়ার চৌধুরীর (আনারস প্রতীক) নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক নূর মোহাম্মদ শুক্রবার এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেছেন।
অভিযোগে বলা হয়েছে, সরকারদলীয় প্রার্থীকে বিজয়ী করতে প্রথম থেকেই ইউপি চেয়ারম্যান আকতার হামলার পথ বেছে নিয়েছেন এমনকি ২৩ মার্চের নির্বাচনে প্রকাশ্যে ভোট ডাকাতির হুমকি দিয়েছেন।
তিনি বলেছেন,'আমার প্রার্থীর জন্য ইচ্ছেমতো সীল মারবো। আমাকে দশ লাখ টাকা দিলে চুপ হয়ে যাবো। অন্যথায় কাউকে কেন্দ্র ঢুকতে দেবো না।'
সংবাদ সম্মেলনে নূর মোহাম্মদ অভিযোগ করেছেন, লেমশীখালীর হলারাপাড়া আকতার চেয়ারম্যানের বাড়ির নিকটবর্তী এলাকায় শাহরিয়ার চৌধুরীর পক্ষে গণসংযোগ করতে গেলে চেয়ারম্যান আকতারের ভাই আযম, সিরাজের ছেলে ইছহাক ও লেমশীখালী উচ্চবিদ্যালয়ের শিক্ষক হুমায়ুন রশিদ এসে শাহরিয়ার চৌধুরীর সমর্থকদের মারধর করে ওই এলাকা থেকে বের দেয়।
তিনি আরও জানান, মারধর করেও ক্ষান্ত হননি চেয়ারম্যান আকতারসহ তার ক্যাডাররা। এরপর যদি শাহরিয়ার চৌধুরীর সমর্থকদের ওই এলাকায় দেখা যায় তাহলে হাত-পা বেঁধে পুলিশে দেয়ারও হুমকি দিয়েছেন চেয়ারম্যান আকতার। আকতার আরও বলেছেন, 'আমার এলাকায় গতানুগতিক ভোট হবে না।'
এদিকে নির্বাচনে কেন্দ্র দখলসহ ব্যাপক ভোট কারচুপি হতে পারে এমন আশংকা থেকে চেয়ারম্যান প্রার্থী আ স ম শাহরিয়ার চৌধুরী প্রধান নির্বাচন কমিশনার ও বিভাগীয় নির্বাচন কমিশনারসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের নিকট লিখিত অভিযোগ করেছেন বলে জানা গেছে।
ঢাকা, ২১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এসআর
শ্রেণীহীন
'আমাকে দশ লাখ টাকা দিলে চুপ হয়ে যাবো'
কুতুবদিয়া উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মঞ্জুর আলম শিকদারের সমর্থক লেমশীখালী ইউপি চেয়ারম্যান আকতার হোসেনের বিরুদ্ধে হামলা ও ভোট ডাকাতির হুমকির অভিযোগ উঠেছে।





