শরিয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আ:লীগ নেতা-কর্মীরা প্রশাসনের সহায়তায় ছয় গাঁ ইউনিয়ন ভোট কেন্দ্রে জাল ভোট দিয়েছে। কেন্দ্র ঘুরে বুধবার দুপুরে এ চিত্র দেখা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অনেকে ভোটার কেন্দ্রে এসে ভোট দিতে পারছেন না। তাদের আসার আগেই তাদের ভোট কাস্ট হয়ে যাচ্ছে।
ভোটারদের অভিযোগ কেন্দ্রে আসার পথে বিভিন্ন ভাবে তাদের ভয় ভীতি দেখানো হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে এক ভোটার জানান, ভয়ের কারনে আমরা কেন্দ্রে যেতে পারছিনা। যারা এ ভয় উপেক্ষা করে কেন্দ্রে গেছে তারা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন।
তিনি আরও জানান, আওয়ামী লীগ সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল মান্নান রাঢ়ির কর্মী বাহিনী ভোট কেন্দ্রে আসার পথে বাধা দিচ্ছেন।
এ ব্যপারে আব্দুল মান্নান রাঢ়ির কাছে জানতে চাইলে টাইম নিউজকে বলেন, আমরা চাই অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। কিন্তু কে বা কারা আমাদের জনপ্রিয়তা ভাংতে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। আমরা আ:লীগ সব সময় আইন ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল।
অপরদিকে বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থী আনোয়ার হোসেন মাঝির ছেলে সুমন মাঝি টাইম নিউজকে জানান, আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী এবং তার কর্মীরা আমাদের সমর্থকদের বিভিন্নভাবে ভয় প্রদর্শন করছেন।
তিনি আরও বলেন, গত রাতে আমাদের সমর্থক ও স্বজনদের বাড়িতে হামলা চালিয়েছে আওয়ামী কর্মীরা।
এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
[b]ঢাকা,জিই১৯ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম)//এএইচ[/b]