[b]গাজীপুর:[/b] গাজীপুরে বুধবার রাতে পৃথক ঘটনায় দুইটি ট্রাকে পেট্রলবোমা হামলার ঘটনা ঘটেছে। এতে চালকসহ তিনজন অগ্নিদগ্ধ হয়েছে।
মানিকগঞ্জ থেকে ঢাকা আসার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুরে অবরোধকারীরা একটি সবজিবাহী ট্রাকে বুধবার রাত পৌনে ১১টার দিকে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ট্রাকটিতে আগুন ধরে গেলে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন চালক ও দুইজন সবজি ব্যবসায়ী। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।
অগ্নিদগ্ধরা হলেন- ট্রাকচালক মানিকগঞ্জের সাটুরিয়ার কান্ডাপাড়া এলাকার মোকছেদ আলী, সবজি ব্যবসায়ী রংপুরের কোতয়ালী থানার হাজিলখানা এলাকার আলমগীর হোসেন ও রংপুরের রামজীবন এলাকার লোকমান হোসেন।
এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে, মানিকগঞ্জ থেকে ঢাকা যাবার পথে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুর বাজার অতিক্রম করার সময় বুধবার রাত পৌনে ১১টার দিকে কয়েকজন অবরোধকারী ট্রাকটির গতিরোধ করে এবং পরপর তিন থেকে চারটি পেট্রলবোমা ছুঁড়ে দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন এসে ট্রাকের আগুন নিভিয়ে অগ্নিদগ্ধ তিনজনকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় শফিপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পরে রাত ১১টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে, গাজীপুরের শ্রীপুরে দুর্বৃত্তরা পোশাক কারখানার বৈদ্যুতিক মালবাহী একটি চলন্ত কাভার্ড ভ্যান আগুনে পুড়িয়ে দিয়েছে। আগুনে কাভার্ড ভ্যানসহ অন্তত ১২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, দুর্বৃত্তদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে।