[b]আঙ্কারা :[/b] তুরস্কে দুর্নীতি বিরোধী অভিযানে এ পর্যন্ত ৩৫০ জন পুলিশ ও বিচার বিভাগীয় ঊর্ধ্বতন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে প্রধানমন্ত্রী এরদোগানের ঘনিষ্টজনেরাও রয়েছেন বলে জানা গেছে। সোমবার এ খবর জানিয়েছে বিবিসি।
প্রধানমন্ত্রী রিসেপ তাইয়্যেপ এরদোগান অভিযোগ করেছেন যে, বরখাস্ত হওয়া পুলিশ কর্মকর্তা ও বিচার বিভাগীয় কর্মকর্তারা রাজনৈতিক ষড়যন্ত্র ও দুর্নীতিতে জড়িত। এ ছাড়া, বেশ কয়েকজন ব্যবসায়ীকেও এজন্য অভিযুক্ত করা হয়েছে।
পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে যেসব দুর্নীতির অভিযোগ রয়েছে সেগুলো হচ্ছে- সরকারি দরপত্র বিজ্ঞপ্তিতে ঘুষ লেনদেন। এর মধ্যে ইস্তাম্বুলে অ্যাপার্টমেন্ট নির্মাণ প্রকল্পে দুর্নীতি সবচেয়ে বেশি উল্লেখযোগ্য।
গতমাস থেকে শুরু হওয়া দুর্নীতিবিরোধী অভিযানে তিনজন মন্ত্রীর ছেলেকেও অভিযুক্ত করা হয়। এসব মন্ত্রী এরদোগানের খুব কাছের লোক বলে জানা গেছে। তবে, প্রধানমন্ত্রী এরদোগান দুর্নীতির তদন্ত ও এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পিছপা হননি। ছেলেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠার পর ওই মন্ত্রীরা পদত্যাগ করেছেন।
গতরাতে দুর্নীতি বিরোধী নতুন একটি ডিক্রি জারি করে সরকার। এরপর নতুন করে দুর্নীতি বিরোধী অভিযান শুরু হয়।